১১ দলীয় জোটের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল-সমাবেশ

Printed Edition
back-4
সাভারে ১১ দলীয় ঐক্য ঢাকা জেলা জুলাই গণহত্যাসহ সব হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করে : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

চব্বিশের ছাত্র-জনতার গণ-আন্দোলনে গণহত্যা, গুম, খুনসহ সব হত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো জানায়, জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণমিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ১১ দলীয় চট্টগ্রাম মহানগরীর সমন্বয়ক মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, খেলাফত মজলিসের মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, এনসিপি মহানগরী সাংগঠনিক সম্পাদক শাহেদ ইকবাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মহানগরী সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) মহানগরী সভাপতি সৈয়দ গিয়াসুদ্দিন আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মহানগরী যুগ্ম আহ্বায়ক মাওলানা নুর মোহাম্মদ কিবরিয়া, জামায়াতে ইসলামী মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ খেলাফত মজলিস মহানগরী সেক্রেটারি মাওলানা রিদুওয়ানুল ওয়াহেদ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমীন বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সঙ্ঘটিত গণহত্যা, খুন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে জনগণের রায় ও গণভোটের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহানগরী নায়েবে আমীর মাওলানা মুবিনুল হক, এলডিপি মহানগরী সেক্রেটারি আবু সাঈদ, এনসিপি মহানগরী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল, নেজামে ইসলাম পার্টির নেতা আবু তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা জাহেদুল হাসান, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমীর হোসাইন, ফারুকে আজম, আহমদ খালেদুল আনোয়ার প্রমুখ।

সিলেটে গণমিছিল

সিলেট ব্যুরো জানায়, ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার শুধু জুলাই সনদকেই উপেক্ষা করেনি, তারা তাদের ৩১ দফাকেও উপেক্ষা করছে। এর মাধ্যমে তারা দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী এমপিরাও জুলাই গণ-অভ্যুত্থানকে অবজ্ঞা করছেন। জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদে উপহাস চলছে। শুধু তাই নয়, সরকারের মন্ত্রী এমপিরা অনেকেই পতিত ফ্যাসিস্টের সুরে কথা বলছেন। যা জাতির জন্য লজ্জাজনক।

তিনি গতকাল নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গণমিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। গণমিছিলে ১১ দলীয় ঐক্যে ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, এনসিপির মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জাগপা মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।

রংপুরে গণমিছিল

রংপুর ব্যুরো জানায়, গণভোট মাইনা নে, নইলে গদি ছাইরা দে, সেøাগানে রংপুরে ১১ দলীয় জোটের গণমিছিল থেকে বিরোধীদলীয় এমপিরা দুর্বার আন্দোলন গড়ে ওঠার আগেই গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় রংপুরে ১১ দলীয় জোট আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে এই দাবি জানান তারা। এর আগে জুলাই চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। নড়র ভবন, জিলা পরিষদ সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব চত্বর, দাবানল মোড়, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, ১ আসনের রায়হান সিরাজী, কুড়িগ্রাম-১ আসনের আনোয়ারুল ইসলাম, মহানগর জামায়াত আমির এটিএম আজম খান, জেলা এনসিপি আহবায়ক আল মামুন, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা প্রমুখ।

গাজীপুরে জামায়াতের গণমিছিল

গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে গাজীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখা। গতকাল বিকেলে মহানগরের চান্দনা চৌরাস্তা থেকে শুরু হওয়া মিছিলটি ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে সমাবেশে শেষ হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির মো. খায়রুল হাসান, মুহাম্মদ হোসেন আলী, গাজীপুর সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, মহানগর খেলাফত মজলিসের সেক্রেটারি নিজাম উদ্দিন, টঙ্গী পূর্ব থানা আমির নজরুল ইসলাম, মহানগর জামায়াত নেতা নিয়ামত উল্লাহ শাকের, মেট্রো সদর থানা আমির ছাদেকুজ্জামান খান, গাজীপুর মহানগর শিবির সভাপতি ইয়াসিন আরাফাত এবং বাসন থানা আমির আকরামুল ইসলাম প্রমুখ।