নেশন্স কাপের শেষ ষোলোয় মরক্কো-মালি
Printed Edition
ক্রীড়া ডেস্ক
জাম্বিয়াকে ৩-০তে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। আয়ুব এল কাবির জোড়া ও একবার জালের দেখা পান ব্রাহিম দিয়াজ। এই ম্যাচে চোট কাটিয়ে বদলি হিসেবে মাঠে নামেন আশরাফ হাকিমি। পিএসজির এই ডিফেন্ডার গত পরশু মাঠে নামার আগেই হয়েছে তিনটি গোল। তবে ম্যাচের ৬৪ মিনিটে হাকিমি মাঠে প্রবেশ করলে সবচেয়ে বড় গর্জন শোনা যায়। উত্তাল গ্যালারিতে সমর্থকদের ভালোবাসা পেয়ে তার মুখেও উঠল চওড়া হাসি। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই শেষ ষোলোয় পৌঁছে মরক্কো।
এ দিন জিম্বাবুয়েকে ৩-২ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। অ্যাঙ্গোলার বিপক্ষে গোলশূন্য ড্র করে আগেই শেষ ষোলো নিশ্চিত করা মোহাম্মদ সালাহর দেশ মিশর। আর কোমোরোসের বিপক্ষে গোলশূন্যভাবে ম্যাচের নিষ্পত্তি করেছে মালি। তবে এই ড্র’র পরও নকআউট নিশ্চিত করেছে কোনো ম্যাচ না জিতেই মালি।
প্রায় দুই মাস বাইরে থাকার পর গত পরশু চোট কাটিয়ে মরক্কোর হয়ে মাঠে ফেরেন আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হাকিমি। আগের দুই ম্যাচের পারফরম্যান্স অবশ্য প্রত্যাশিত ছিল না। একটি জয় ও আরেকটিতে ড্র করলেও ফেবারিটদের পারফরম্যান্সে ছিল না চেনা ধার। অবশেষে এই ম্যাচে তাদেরকে দেখা গেল আপন ছন্দে। রাবাতে অনুষ্ঠিত হওয়া ম্যাচে ৯ মিনিটেই এল-কাবির হেডে করা গোলে এগিয়ে যায় আসরের স্বাগতিকরা। ২৭ মিনিটে ব্যবধান করেন দিয়াজ। এই নিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জালের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের এই তারকা। ৫০ মিনিটে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন এল-কাবি।