ডিআইজি পদমর্যাদার ১৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ডিআইজি (উপমহাপরিদর্শক) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই কর্মকর্তাদের অবসর প্রদান করা হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধাদি প্রাপ্য হবেন। এর আগে গত ২২ এপ্রিল পুলিশের ১১ জন ডিআইজি এবং দুইজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা পুলিশের বিভিন্ন ইউনিট ও দফতরে দায়িত্বরত ও সংযুক্ত ছিলেন।

গতকাল অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- অ্যান্টিটেররিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি মো: হাবিবুর রহমান, পুলিশ অধিদফতরের ডিআইজি (টিআর) সালেহ্ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) পরিচালক মো: হারুন-অর-রশীদ এবং ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

তালিকায় আরো আছেন- নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট মো: হায়দার আলী খান, খুলনা পিটিসির কমান্ড্যান্ট মো: মাহবুবুর রহমান ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো: রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো: রফিকুল হাসান গনি, নৌ পুলিশের ডিআইজি মো: মিজানুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: মজিদ আলী।

এ ছাড়া পুলিশ অধিদফতরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি মো: গোলাম রউফ খান, রংপুর পিটিসির কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার এবং হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানমকেও অবসরে পাঠানো হয়েছে। একই আদেশে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদকেও চাকরি থেকে অবসর দেয়া হয়।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।