ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিমানবাহিনীর বিশেষ অভিযান

Printed Edition
artho-2
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিমানবাহিনীর বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর আহ্বানে দেশব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ জাতীয় অভিযানের সূচনা হয়েছে। এই দৃপ্ত অভিযানে সংহতি প্রকাশ করে গতকাল শনিবার বিমানবাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি, স্টেশন, ইউনিট এবং তৎসংলগ্ন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)

জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার এবং টাঙ্গাইলে অবস্থিত ঘাঁটিগুলোর এয়ার অধিনায়করা এবং স্টেশন, ইউনিটের (মৌলভীবাজার, শমশেরনগর, বগুড়া) অধিনায়কগণদের সার্বিক তত্ত্বাবধানে ঘাঁটি, স্টেশন, ইউনিট এবং তৎসংলগ্ন এলাকায় সচেতনতামূলক ব্রিফিং, র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান এবং ফগিং কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, পানি জমে থাকার সম্ভাব্য স্থানসমূহ পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সবার মাঝে লিফলেট বিতরণ করা হয়। উক্ত জনসচেতনতামূলক কর্মসূচিসমূহে নিজ নিজ ঘাঁটি, স্টেশন ও ইউনিটসমূহের এয়ার অধিনায়ক এবং অধিনায়কগণসহ সব পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমানবাহিনী ভবিষ্যতেও ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এ ধরনের বৃহৎ পরিসরে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।