মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে প্রশাসন

Printed Edition

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগরে দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্রের দখলে থাকা জেলা পরিষদের কোটি টাকার জমি অবশেষে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ব্যস্ততম কোম্পানীগঞ্জ বাজারের মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের মন্দির সংলগ্ন স্থানে পরিচালিত এক অভিযানে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বাজার সংলগ্ন এ সরকারি জমিটি বছরের পর বছর দখলে রেখে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ভাড়া ও বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেয়া হলেও দখলদাররা তা আমলে নেয়নি।

অভিযান চলাকালে বাঁশ, তেরপাল দিয়ে নির্মিত অস্থায়ী দোকানঘর, চৌকি ও বিভিন্ন কাঠামো ভেঙে ফেলা হয়। পুরো এলাকা থেকে অবৈধ দখল সরিয়ে জমি পুনরুদ্ধার করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুর রহমান বলেন, বারবার নোটিশ দেয়া সত্ত্বেও দখলদাররা সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে জেলা পরিষদের এই জমি নিজেদের নিয়ন্ত্রণে রেখে ব্যবসা পরিচালনা করছিল। সাধারণ ব্যবসায়ীরা তাদের মাধ্যমে জায়গা ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে।