কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহতের ঘটনায় মামলা পরিবারকে আর্থিক সহায়তা
Printed Edition
কুমিল্লা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার কালা কচুয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী, দুই সন্তান ও প্রাইভেট কার চালকসহ পাঁচজন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুড়িচং থানায় মামলাটি দায়ের করেন নিহত ঝর্ণা বেগমের ভাই ফয়সাল আহমেদ। শুক্রবার সন্ধ্যায় বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এ দিকে নিহতদের পরিবার ও আহতকে জেলা প্রশাসন থেকে এক লাখ ৪০ হাজার টাকার সহযোগিতা দেয়া হয়েছে। অপর দিকে ওই দিন প্রাইভেট কারটি রং সাইডে চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারটি ঢাকামুখী ছিল। চট্টগ্রামমুখী লেনে এসে তারা হোটেলে খাবার খেতে যান বলে স্থানীয়রা জানান।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, নিহতের স্বজন বাদি হয়ে অজ্ঞাতদের নামে মামলা দায়ের করেছেন। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরো জানান, প্রাইভেট কারটি রং সাইডে ছিল বলে জেনেছি। তবে তদন্তের পর বিস্তারিত বলতে পারব।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ জাহার টাকা ও আহতদের ১৫ হাজার করে মোট এক লাখ ৪০ হাজার টাকার সহযোগিতা দেয়া হয়েছে।