নায়ক রিয়াজের মৃত্যুর গুজব
Printed Edition
সাংস্কৃতিক প্রতিবেদক
অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যু গুজবের খবর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। যদিও এর সত্যতার সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কেউ এ বিষয়ে কিছুই জানে না। রিয়াজের ঘনিষ্ঠজনরাও গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে তারা নিশ্চিত না।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে চলে যান রিয়াজ। তার বর্তমান অবস্থান সম্পর্কে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কেউ কিছু জানেন না। গুঞ্জন রয়েছে, ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। আবার কেউ বলছেন, দেশেই আছেন কোথাও। রিয়াজের ব্যবহৃত নম্বরটিও বন্ধ রয়েছে।
শেখ হাসিনার পতনের আগপর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সরব ছিলেন রিয়াজ। বেশ কয়েকবার তাকে আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। এমনকি চট্টগ্রামে জলাবদ্ধতা দেখা দিলে বেশ কয়েকবার ভাইরাল হয় তার বক্তব্য।
নব্বইয়ের দশকের শেষ থেকে টানা প্রায় দুই যুগ রিয়াজ ছিলেন ঢালিউডের জনপ্রিয় মুখ। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তিনি। এরপর একে একে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রিয়াজ অভিনীত সর্বশেষ ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তি পায়। এরপর আর নতুন কাজে দেখা যায়নি তাকে।