ভিসির শোক প্রকাশ
খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক
Printed Edition
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে গতকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই তিন দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। শোক পালনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী কর্মসূচি প্রণয়ন করা হবে। এ ছাড়া বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনার ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সব হল/হোস্টেল এবং আবাসিক এলাকার মসজিদে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় কুরআন খানি, দোয়া ও মোনাজাত করা ভয়। এ ছাড়া অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে। আজ বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এ দিকে খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দিয়ে যাবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশ ও জাতির সেবা করেছেন এবং সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশ ও জাতির প্রতি তার অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি