সিলেটের সীমান্ত পেরিয়ে আসছে ভয়ঙ্কর অস্ত্র
Printed Edition
আবদুল কাদের তাপাদার সিলেট
সীমান্ত পেরিয়ে অবাধে বাংলাদেশে আসছে ভারতীয় ভয়ঙ্কর সব অস্ত্র। ভারতীয় অস্ত্র চোরাচালানের নিরাপদ রুট সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট এবং মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গল সীমান্ত। দেশের যে ৩০টি পথে ভারত থেকে অবৈধ পথে অস্ত্র আসে, তার মধ্যে শীর্ষে রয়েছে সিলেট ও মৌলভীবাজারের এই সীমান্ত এলাকা।
গতকাল শনিবার এই দুই সীমান্ত থেকে চারটি ভারতীয় এয়ারগান উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে ফের ভারতীয় অস্ত্র উদ্ধার করল বিজিবি।
এর আগে গত ২৮ জুন জকিগঞ্জের সোনাসর ব্রিকফিল্ড এলাকা থেকে একটি জাপান-মেড শুটার গান, ১১টি শক্তিশালী জেল ও ১১টি ডেটোনেটর উদ্ধার করা হয়।
একই সময়ে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকেও পিস্তল, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার করা হয়। গেল জুন মাসে শ্রীমঙ্গল সীমান্ত থেকে ১১টি অবৈধ এয়ারগান এবং দক্ষিণ সুরমা এলাকা থেকে পেট্রল বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘন ঘন এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলাকায়। দেশে অবাধে অস্ত্র প্রবেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা দেখছেন কেউ কেউ।
নিরাপত্তা বিশ্লেষকেরা বলেছেন, সীমান্ত এলাকায় মাঝেমধ্যে কিছু অস্ত্রের চালান ধরা পড়লেও অধিকাংশ আগ্নেয়াস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশে ঢোকে। এসব অস্ত্র নির্বাচনকেন্দ্রিক সহিংসতা, খুনোখুনি থেকে শুরু করে আধিপত্য বিস্তার, চাঁদাবাজিতে ব্যবহার করা হয়।
বিজিবি সূত্র জানায়, ভারতের সাথে বাংলাদেশের চার হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে ভারতের অংশে তিন হাজার কিলোমিটারের মতো কাঁটাতারের বেড়া দেওয়া হলেও বাকি অংশে তা নেই।
বিজিবি বলছে, মূলত সীমান্ত থেকে দেশের ভেতরের আট কিলোমিটার এলাকার মধ্যে অভিযান চালায় বিজিবি। বিজিবি তৎপর থাকায় সীমান্ত দিয়ে দেশে ঢোকার সময় অস্ত্রের চালান ধরা পড়ছে।
বিজিবির ৪৮ (সিলেট) ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ মিনাটিলা বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালায়। টহল দল অভিযান চালিয়ে রাত ১০টার দিকে সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় তিনটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে।
পরবর্তীতে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে অপর একটি বিশেষ টহল দল অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ী নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় আরো একটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে। পৃথক অভিযানে মোট চারটি ভারতীয় এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
উদ্ধারকৃত এয়ারগানগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো: নাজমুল হক জানান, বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। বিজিবি যেকোনো ধরনের অভিযান পরিচালনা করে সফলতা অর্জন করছে। ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত থাকবে।