১০ দিন পর সচল ভোমরা বন্দর, ফিরেছে আমদানি রফতানির গতি
Printed Edition
সাতক্ষীরা প্রতিনিধি
টানা ১০ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ এ ছুটিতে বন্দর কার্যক্রম স্থবির থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল, যদিও যাত্রীর সংখ্যা ছিল তুলনামূলক কম।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, দুই দেশের ব্যবসায়ী নেতাদের যৌথ সিদ্ধান্তে ঈদ উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। শনিবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক রাশেদুজ্জামান জানান, ছুটির সময় যাত্রী চলাচল বন্ধ না থাকলেও সংখ্যা কম ছিল। অন্যদিকে শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভারতের ঘোজাডাঙা বন্দরের সাথে সমন্বয় করেই কার্যক্রম বন্ধ ও পুনরায় চালু করা হয়েছে।
উল্লেখ্য, জেলা শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত ভোমরা বন্দর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর। কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ব্যবসায়িক গতি ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।