ঠাকুরগাঁওয়ে আদালত অমান্য করে ১২ পরিবারের জমি দখলের চেষ্টা
Printed Edition
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও পৌর শহরের ইসলামনগর খানকা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতভিটাসহ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে দীর্ঘদিন ধরে বসবাসরত ১২টি পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুর মৌজার জে এল-১১৩, সি এস ও এস এ খতিয়ান ৩৩৭-এর ১৩০৮ নম্বর দাগের রাস্তা সংলগ্ন প্রায় ৩৮ শতক জমি দলিলের মাধ্যমে ক্রয় করে সেখানে বসবাস করে আসছেন ১২টি পরিবার। এস এ রেকর্ডে জমিটি ডাঙ্গা হিসেবে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীদের একজন সৈয়দ আবু কায়েস জানান, তারা প্রকৃত মালিকের কাছ থেকে দলিলের মাধ্যমে জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। কিন্তু সম্প্রতি একই এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে নুর ইসলাম, আব্দুল হামিদের ছেলে আব্দুল বারেক এবং মাসুদ নামের এক ব্যক্তি জমিটি কবরস্থান দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এ সময় তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টা এবং প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর দেওয়ানি ৩৬৭/২৫।
জমির বিক্রেতা পরিবারের সদস্য হুমায়ুন কবির জানান, প্রায় ২৯ বছর আগে তার বাবা ও চাচারা জমিটি বিক্রি করেছিলেন। পরবর্তীতে ক্রেতারা সেখানে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। জমিটি কখনো কবরস্থান ছিল না বলেও দাবি করেন তিনি।
ভুক্তভোগীদের প্রদর্শিত নথিপত্রে দেখা যায়, গত ১১ মার্চ ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম ফেরদৌস উক্ত জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার আলোকে একই দিন সদর থানার এএসআই মোহাম্মদ আলী অভিযুক্তদের নোটিশ প্রদান করেন। নোটিশে বলা হয়, আদালতের আদেশ অমান্য করে জমিতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের নির্দেশনার দিনই অভিযুক্তরা জোর করে জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা কাজ বন্ধ করে চলে যায়। তবে পুলিশ চলে যাওয়ার পর আবারো প্রাচীর নির্মাণের চেষ্টা করা হয় এবং বাধা দিলে পুনরায় হুমকি দেয়া হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি মনির হোসেন বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে। কেউ আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।