দুই নাটক দিয়ে নতুুন করে আলোচনায় অপু
Printed Edition
সাকিবুল হাসান
শিল্পী সরকার অপু দেশের নাট্যাঙ্গনে একজন গুণী অভিনেত্রী। একসময় তিনি নাটকের নায়িকা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। একজন অভিনেত্রী হিসেবে তিনি তার অভিনয় জীবনের শুরু থেকে আজ অবধি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করে চলেছেন। শিল্পী সরকার অপুর আরো দু’টি বিশেষ পরিচয় আছে। তিনি দেশের প্রখ্যাত সাংবাদিক ও জনপ্রিয় অভিনেতা নরেশ ভূঁইয়ার স্ত্রী এবং এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানের মা। কিছু কিছু নাটকে শিল্পী সরকার অপু ও নরেশ ভূঁইয়াকে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয়ে দেখা গেছে। আবার কিছু কিছু নাটকেও শিল্পী সরকার অপু ও ইয়াশ রোহানকে মা ও ছেলের ভূমিকায় দেখা গেছে। তবে এই সময়ে যে দু’টি নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন শিল্পী সরকার অপু সে দু’টি নাটক হচ্ছে- কে এম সোহাগ রানা পরিচালিত ‘দেনা পাওনা’ এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটি আমাদেরই গল্প’। দু’টি নাটকই ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচার হয়। তবে এরই মধ্যে ‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটকটি গত ৮ মার্চ ১২৪ পর্ব প্রচারের মধ্যদিয়ে প্রচার শেষ হয়েছে। আর গত ১০ মার্চ প্রচারিত হয়েছে এটি আমাদেরই গল্প ধারাবাহিকের ৩৭তম পর্ব প্রচারিত হয়েছে। দেনা পাওনাও তিনি শহীদুজ্জামান সেলিমের স্ত্রীর ভূমিকায় এত চমৎকার অভিনয় করেছেন, দর্শক তার মধ্যে অনেকেই তাদের হারানো মাকেই যেন খুঁজে পেয়েছেন। আবার ‘এটি আমাদেরই গল্প’ ধারাবাহিকে অপু মাহমুদুল ইসলাম মিঠুর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। নাটকে তিনি কেয়া পায়েলের মায়ের ভূমিকায় অভিনয় করছেন। এই ধারাবাহিকেও তার অভিনয় দর্শককে মুগ্ধ করছে। দু’টি নাটকে অভিনয় করেই নতুন করে আলোচনায় শিল্পী সরকার অপু। অপু বলেন, ‘দেনা পাওনা তো আসলে শুরু হয়েছিল মাত্র কয়েকটি পর্ব প্রচারের লক্ষ্যে। পরবর্তীতে দর্শকের অনুরোধে তা একের পর এক বাড়তে থাকে। দর্শকেরও নাটকের প্রতি দিন দিন আরো ভালোলাগা বেড়ে যায়। দর্শকের চাহিদার কারণেই নাটকটি শেষ পর্যন্ত ১২৪ পর্বে গিয়ে শেষ হয়। যত দিনই নাটকটি প্রচারিত হয়েছে, দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। দর্শকের এই ভালোবাসার সত্যিই কোনো তুলনা হয় না। একজন শিল্পী হিসেবে আমি দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই নাটক তো এখন দেশ-বিদেশে ব্যাপক আলোচনায়। দীর্ঘদিন পর কোনো ধারাবাহিক নাটক এত আলোচনায় এলো। দুই নাটকের দুই নির্মাতার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’ তবে প্রত্যাশা এখন একটাই- হঠাৎ করেই যেন পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো এই নাটকটি প্রচার শেষ না হয়ে যায়।