তনিমার জোড়া গোলে আর্মির জয়
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
দুটিই সার্ভিসেস দল। একটির যাত্রা শুরু হলো এবার। অপরটি আগেই খেলার অভিজ্ঞতা সম্পন্ন। কমলাপুর স্টেডিয়ামে গতকাল এবারের নারী ফুটবল লিগের অভিষেক ম্যাচে বাংলাদেশ পুলিশ দলকে খেলতে হয়েছে একেবারেই প্রস্তুতি ছাড়া। অন্য দিকে বাংলাদেশ সেনাবাহিনীর অনুশীলনটা পাঁচ দিনের। সেনাবাহিনীর এগিয়ে থাকার সাথে যোগ হয়েছে স্ট্রাইকার তনিমা বিশ^াসের দর্শনীয় দুই জোড়া গোল। এতেই জয়ে লিগ শুরু করেছে বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাব। তাদের কাছে ০-২ গোলে হারে লিগে অভিষেক হলো পুলিশ নারী ফুটবল দলের। ১১ দলের এ সিঙ্গেল লিগের কাল উদ্বোধন করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।
জাতীয় দলের স্ট্রাইকার তনিমা বিশ্বাস। তার যমজ বোন তন্বি বিশ্বাসের লিগ্যামেন্ট অপারেশনের পর একটু মুটিয়ে যাওয়ায় এখন ফেন্সিং খেলছেন। অন্যদিকে অপর বোন ফুটবল মাঠে দাপট দেখাচ্ছেন। ৩৯ মিনিটে তনিমার প্রথম গোলটি ছিল দূর পাল্লার শটে। আর ৬৯ মিনিটে তার ব্যবধান কমানো গোলটি কোনাকুনি শটে। ফলে ম্যাচ সেরার পুরস্কার গেছে তার দখলে। এ পুরস্কার হাতে নিয়ে দিনাজপুরের এ মেয়ে জানান, আমি জাতীয় দলে খেলেছি। সিনিয়রদের সাথে ম্যাচ খেলতে মাঠে নেমেছি। এ অভিজ্ঞতাটাই কাজে লেগেছে মাঠে।’ জাতীয় দলের সাবেক ফুটবলার হেমন্ত বিশ^াসের আত্মীয় এ তনিমা। গত বছরও বাংলাদেশ আর্মি দলে ছিলেন। লিগে আগে হ্যাটট্রিকও করেছেন। গত লিগে আর্মি হয়েছিল তৃতীয়। কাল দূর থেকে প্রথম গোল করা এ ফরোয়ার্ড জানান, কোচ আমাদের বলেছেন রিটার্ন বল পেলে পোস্টে গোলের চেষ্টা করতে। সেটাই করেছি এবং গোলও পেয়েছি। আর দ্বিতীয় গোলটি পোস্ট ফঁাঁকা দেখে কোনাকুনি শটে বল জালে পাঠাই। দুই গোলের মধ্যে এটিই আমার স্মরণীয়।’ এরপর জানান ‘প্রথম গোলটি আমি বাংলাদেশ আর্মিকে উৎসর্গ করতে চাই।’ আগের লিগসমূহে আরো অনেক গোল করেছেন তনিমা। সেই সংখ্যা অবশ্য মনে নেই তার। গত লিগের তার করা গোলসংখ্যা ৬-৭টি। এবার এর চেয়ে একটি গোল বেশি করার টার্গেট তার।
গোল দিয়েই ক্রিশ্চিয়ানো রোনালদো স্ট্রাইলে উদযাপন করেছেন তনিমা। এ প্রসঙ্গে বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো ৭ নাম্বার জার্সি পরে খেলেন। আমারও জার্র্সি নাম্বার ৭। আমার প্রিয় দল ব্রাজিল। তবে ফলো করি পর্তুগিজ তারকাকে।
কাল অপর ম্যাচে চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে ৮-০ গোলে হারিয়েছে বিকেএসপি। বিজয়ী দলের ফাতেমা ও প্রতিমা দু’টি করে এবং আইরিন, আলমিনা, অয়ন্ত বালা ও উম্মে কুলসুম গোল করেন।