সুদানে বাজারে ড্রোন হামলায় নিহত ১১
Printed Edition
আলজাজিরা
পশ্চিম সুদানের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া শিশুসহ আরো কয়েকজন আহত হয়েছেন। জাতিসঙ্ঘ জানিয়েছে, দেশটিতে দ্রুত বেড়ে চলা বিমান হামলায় এক সপ্তাহেরও কম সময়ে ২০০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন।
চাদের সীমান্তের কাছে আদিকং বাজারে হামলার ফলে জ্বালানির ভাণ্ডারে আগুন ধরে যায় এবং বৃহস্পতিবার আগুন দ্রুত পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা সীমান্তের ওপারে আদ্রেতে অবস্থিত একটি হাসপাতালে ২০ জনের বেশি আহতকে চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে সাতজন শিশু। এমএসএফ এটিকে এক মাসেরও কম সময়ে একই এলাকায় দ্বিতীয় মারাত্মক ড্রোন হামলা হিসেবে উল্লেখ করেছে।
২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সুদানের সেনাবাহিনী (এসএএফ) এবং আধা সামরিক রথ্যাপিড সাপোর্ট ফোর্সের যুদ্ধে ড্রোন উভয়পক্ষের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বৃহস্পতিবার বলেছেন, যুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলার তীব্রতা দেখে তিনি হতবাক। তিনি সতর্ক করে বলেন, ৪ মার্চ থেকে কর্ডোফান অঞ্চল এবং হোয়াইট নাইল রাজ্যজুড়ে ড্রোন হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।