প্রীতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত আর্জেন্টিনার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
আসছে ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার অভিযানে এই আসরে ১৬ জুন মাঠে নামবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নিতে দু’টি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসিদের সেই দুই ম্যাচের প্রতিপক্ষ হন্ডুরাস ও আইসল্যান্ড। ম্যাচ দু’টি হবে যুক্তরাষ্ট্রে, সেটি গত পরশু নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। ফিফা র্যাংকিংয়ে হন্ডুরাস ৬৬তম ও ৭৫ নম্বরে অবস্থান আইসল্যান্ডের।
টেক্সাসের কাইল ফিল্ডে ৬ জুন হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এরপর ৯ জুন আলাবামায় তাদের মুখোমুখি হবে আইসল্যান্ড। আর্জেন্টিনার কোচ এ দু’টি ম্যাচে খেলাবেন বিশ্বকাপের জন্য ঘোষণা করা স্কোয়াডের সদস্যদের। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে ৩০ মে পর্যন্ত সময়সীমা পাচ্ছেন স্কালোনি। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার অপর দুই প্রতিদ্বন্দ্বী দল অস্ট্রিয়া ও জর্দান।
এবারই প্রথম ইউরোপিয়ান কোনো প্রতিপক্ষের মুখোমুখি না হয়ে বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা, এ দু’টি প্রীতিম্যাচ ঠিক হওয়ার আগে এমনটাই জানা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রীতিম্যাচে প্রতিপক্ষ ঠিক হয়েছে ইউরোপের দেশ আইসল্যান্ড। রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। এখন পর্যন্ত এই একবারই মুখোমুখি হয়েছে দুই দল। আর প্রীতিম্যাচের অপর প্রতিপক্ষ হন্ডুরাসের বিপক্ষে এর আগে তিনবার মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই জিতেছে আর্জেন্টিনা।