সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের সহধর্মিণীর জানাজা অনুষ্ঠিত

Printed Edition
back-1
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর জানাজায় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ মন্ত্রী-এমপিরা অংশ নেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের নামাজে জানাজা গতকাল সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক নেতারা, সংসদ সদস্য এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

নামাজে জানাজা পরিচালনা করেন সংসদ সচিবালয়ের পেশ ইমাম কারি মো: আবু রায়হান। জানাজার শুরুতে মরহুমার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিরোধী দলের নেতা ডা: মো: শফিকুর রহমান, চিফ হুইপ মো: নূরুল ইসলাম এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার সহধর্মিণীর সাথে দীর্ঘ ৫৬ বছরের দাম্পত্য জীবনের কথা স্মরণ করেন। তিনি জানান, দিলারা হাফিজ পেশায় একজন শিক্ষক ছিলেন এবং শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দিলারা হাফিজ মাউশির মহাপরিচালক পদ অলংকৃত করেন। নামাজে জানাজা শেষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতির পক্ষে জনবিভাগের সচিব, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো: নূরুল ইসলাম, হুইপরা এবং সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তারা। শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। মরহুমা দিলারা হাফিজের দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, বিরোধী দলের সদস্যরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভোলা-৩ আসনের জনসাধারণসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।