বিশ্বকাপ টিকিটের চাহিদায় বিশ্বরেকর্ড

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর টিকিট বিক্রিতে ইতিহাস সৃষ্টি হয়েছে। চলমান র‌্যান্ডম সিলেকশন ড্র টিকিটিং পর্বের মাঝামাঝি সময়ে এখন পর্যন্ত বিশ্বের ২০০টিরও বেশি দেশের সমর্থকদের কাছ থেকে ১৫ কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। এটি ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ টিকিট চাহিদার রেকর্ড। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরটি অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে ৪৮টি দল মোট ১০৪টি ম্যাচে অংশ নেবে।

ফিফা জানিয়েছে, ‘গত ১১ ডিসেম্বর শুরু হওয়া এই টিকিটিং পর্বে যাচাইকৃত ব্যক্তিগত ক্রেডিট কার্ডের ভিত্তিতে দেখা গেছে, বিশ্বকাপ ২০২৬-এর টিকিটের চাহিদা প্রায় ৩০ গুণ বেশি। এটি ১৯৩০ সাল থেকে অনুষ্ঠিত বিশ্বকাপের ২২টি আসরের মোট ৯৬৪টি ম্যাচে উপস্থিত দর্শকের সংখ্যার তুলনায় ৩.৪ গুণ বেশি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক আয়োজন। মাত্র ১৫ দিনে ১৫ কোটির বেশি টিকিট আবেদন প্রমাণ করে যে, বিশ্ববাসী কতটা ফুটবল ভালোবাসে।