ব্যর্থতা ঢাকতে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করছে ছাত্রদল : শিবির সভাপতি
Printed Edition
যশোর অফিস
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সরকারের ব্যর্থতা ঢাকতে ছাত্রদল দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করছে। গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে শিবিরের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এমনকি জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদিকে নিয়ে আঁকা গ্রাফিতি মুছে দিয়ে সেখানে আপত্তিকর শব্দ লেখা হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে শিক্ষকরাও আহত হন। এ ছাড়া বিকেলে প্রতিবাদ মিছিলে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পুনরায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন শিবির সভাপতি।
শুক্রবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যশোর জেলা (পূর্ব) শাখা ছাত্রশিবির এই সমাবেশের আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলাম।
নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, জ্বালানি সঙ্কট ও দ্রব্যমূল্য বৃদ্ধির দায় এড়াতে বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ক্ষমতা দখলের মানসিকতা থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগ দেয়া হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
শিবির সভাপতি উল্লেখ করেন, বর্তমান সমাজের বিশৃঙ্খলা ও অন্যায় দূর করার একমাত্র পথ হলো ইসলামী আদর্শ অনুসরণ করা। ক্ষমতার লিপ্সা নয়, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ গড়তে ছাত্রশিবির ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। এ সময় তিনি সাধারণ মানুষকে সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।