দেওয়ানগঞ্জে সেতু দুর্ঘটনায় নিহত ৫ শিশুর পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
Printed Edition
জামালপুর প্রতিনিধি
ঈদুল ফিতরের দিন দেওয়ানগঞ্জে ঝুঁকিপূর্ণ ভাসমান সেতু উল্টে নিহত হওয়া পাঁচ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিহত শিশুরা হলো- আবির হোসেন (১১), মায়ামনি (১২), মিয়াদ হাসান (৯), খাদিজা আক্তার (১১) ও আবদুল মোতালেব (৯)। তারা দেওয়ানগঞ্জ পৌরসভা, ঢুকাইবাড়ী ও বাহাদুরাবাদ ইউনিয়নের বাসিন্দা।
গতকাল শনিবার জামায়াতের নেতারা প্রত্যেক নিহতের বাড়িতে গিয়ে সহমর্মিতা জানান এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় নিহত প্রত্যেক পরিবারকে দলের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন- জামালপুর-১ আসনের সাবেক এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আওয়াল, দেওয়ানগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান তালুকদার, পৌর আমির আতিকুর রহমানসহ স্থানীয় নেতারা।