বিভিন্ন স্থানে নিহত ৮

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় রাজৈরে দুইজনসহ বিভিন্ন স্থানে ৮ জন নিহত হয়েছেন।

রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা জানান, সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নবার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় নবার মোড় এলাকায় একটি ট্রাকের সাথে সংঘর্ষে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে নাজমুল খান (১৬) রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দশম শ্রেণীর শিক্ষার্থী এবং ইতালি প্রবাসী পান্না খানের ছেলে বলে জানা গেছে। অপর নিহত ব্যক্তি তার দুলাভাই, তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি মাদারীপুরে বসবাস করে কালির বাজার এলাকার একটি ব্যাংকে চাকরি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাকচাপায় কাওসার হোসেন সম্রাট (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সম্রাট দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক রুহুল আমিনের ছেলে। জানা গেছে, দুর্ঘটনার রাতে আনোয়ারার উপজেলার চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাওসার হোসেন সম্রাট চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে পণ্যবাহী দুই ট্রাকের সংঘর্ষে জামাল সরদার (৪০) নামে এক চালকের সহকারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল সরদার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন নুরুল্লাপুর গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে খুলনাগামী পণ্যবোঝাই ট্রাক (যশোর-ন-১১-১২২৮) ওভার ট্রেকিং করতে গিয়ে পাবনাগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-৫৭৯৭) কে পেছন থেকে ধাক্কা দেয়। এতে খুলনাগামী ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত এবং অপর ট্রাকের চালক ও তার সহকারী আহত হন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। গাড়ি দু’টি জব্দ করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় নানা বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইভা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইভা উপজেলার নিঝুরী গ্রামের মানিক মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইভা আক্তার তার পরিবারের সাথে নিজ বাড়ি থেকে অটোরিকশা যোগে নানা বাড়ি যাচ্ছিল। পথে বগাজান বাগাডুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ইভা ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নুর ইসলাম (৩১)। তিনি বিরল উপজেলার ঠাঠারিপাড়া (দক্ষিণ জগতপুর), এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত রজব আলী এবং মায়ের নাম মোছা: নুরবানু।

এ ঘটনায় মোটরসাইকেলের চালক মো: রয়েল (৩৫) গুরুতর আহত হয়েছেন। তিনি বিরল উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা এবং মো: মমিনুল ইসলামের ছেলে। তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় সুজাদুল হত (৫৮) নামে এক ব্যক্তি নিহত ও এক শিশুসহ দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত মোফাজ্জল হোসেন (২৮) ও আনাসকে (১২) প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের ছোছাউড়া ইউনিয়নের একটি স্কুল সংলগ্ন স্টেশন রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে। শিশু আনাস নিহত ব্যক্তির নাতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে সুজাদুলসহ তিনজন ছোছাউড়া থেকে পূর্বধলা আসার পথে স্টেশন রোডে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই হ্যান্ডট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে সিটকে পড়ে হ্যান্ডট্রলির নিচে পিষ্ট হয়ে কাতরাতে থাকেন। ঘটনাস্থলে সুজাদুল মারা যান এবং শিশু আনাস ও মোফাজ্জল গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটে সড়ক দুর্ঘটনায় গোয়াইনঘাট উপজেলা জামায়াতের সদস্য (রুকন) ও সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসাইনের (৪০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সিলেট-ভোলাগঞ্জ রোডের ধুপাগুল নামক স্থানে মোটরসাইকেল চলাকালে ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হন তিনি। মোশাররফ হোসাইন গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার গ্রামের ডাক্তার ময়নুল হোসেনের ছেলে। দুর্ঘটনায় লেবানন প্রবাসী আব্দুল আহাদ বাবুলকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

শিক্ষক মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আজিজুর রহমান আজিজ, ইব্রাহিম খলিল প্রমুখ।