স্পিকারের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Printed Edition
সংসদ প্রতিবেদক
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন জানিয়েছেন, বাংলাদেশ ও রাশিয়া সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরমাণু রিঅ্যাকশনজনিত কারণে প্রথমদিকে ধীরে ধীরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। আগামী বছরের মধ্যে এটি তার মোট উৎপাদনক্ষমতার ৪০ শতাংশ জাতীয় গ্রিডে যুক্ত করবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে রাশিয়ান রাষ্ট্রদূত এ কথা বলেন।
জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হওয়ার জন্য তিনি হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান। অন্য দিকে স্পিকার রাশিয়ার সাথে বর্তমান সংসদীয় মৈত্রী গ্রুপ নবায়ন ও সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের সরকার নির্বাচন পর্যবেক্ষক দল পাঠিয়ে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা এনে দিয়েছে। বাংলাদেশে বিগত ১৬ বছরের শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র বিপন্ন হয়েছিল। মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই দীর্ঘ সময়ে অনেক আত্মত্যাগ করেন, যা তাকে দেশের মানুষের কাছে জনপ্রিয় দেশনেত্রী হিসেবে তুলে ধরে।
সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, মানবসম্পদ রফতানি, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মতবিনিময় করেন। এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে পড়া ও হতাহত বাংলাদেশীদের সঙ্কট ও এর সমাধান নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে রাশিয়ার অ্যাম্বাসির প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।