জুলাই অধ্যাদেশ বাতিলের কোনো সুযোগ নেই : ড. হেলাল উদ্দিন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জুলাই অধ্যাদেশ বাতিলের কোনো সুযোগ নেই উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদে বিএনপিসহ রাজনৈতিক দলগুলো সই করার পরই ‘জুলাই অধ্যাদেশ’ জারি হয়েছিল। যারা জুলাই সনদে সই করেছে তারা জুলাই সনদ মেনে নিয়েই সই করেছে। জুলাই সনদে সই করতে কাউকে জোর করা কিংবা বাধ্য করা হয়নি।

গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে জারিকৃত অধ্যাদেশ যাচাইয়ে সরকারের গঠিত বিশেষ কমিটি জুলাই অধ্যাদেশ বাতিলের সুপারিশ জানানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, বিএনপি জুলাই সনদ মেনে প্রথমে সই করেছে। এরপরে জুলাই অধ্যাদেশ জারি হয়েছে। এবং বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটের আগে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে বিএনপি জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে।

শাহবাগ পূর্ব থানার আমির আহসান হাবীবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: নুরুন্নবী রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আব্দুল মুনিম খান, বায়তুলমাল সম্পাদক মো: ওমর ফারুক, যুব ও ক্রীড়া সম্পাদক মো: কামরুজ্জামান উপস্থিত ছিলেন।