মৌলভীবাজার-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন
Printed Edition
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইসলাম উদ্দিনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন শাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেন, কমলগঞ্জ উপজেলা আমির মো: মাসুক আহমদ, নায়েবে আমির আমিরুল ইসলাম কয়সর, সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সফিজ উদ্দিনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেন, দেশবাসী আজ একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। জনগণের সেই প্রত্যাশা পূরণ হলে মৌলভীবাজার-৪ আসনে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উন্নয়নবঞ্চিত, ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং সুশাসনের অভাবে ভোগছে। আমি নির্বাচিত হলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক একটি আদর্শ সংসদীয় এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব। জামায়াত নেতা বলেন, জনগণের মৌলিক অধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা ক্ষমতার রাজনীতি নয়- সেবার রাজনীতিতে বিশ্বাস করি।