সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
১০০ টাকার জন্য শ্রমিক খুন
কুড়া (ধানের খশি) ক্রয়ের একশো টাকার জন্য পোশাক শ্রমিক সজিব আকন (২০) ও তার পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করে প্রতিবেশী সোনা মিয়া প্যাদা ও তার লোকজন। ঘটনার ১০ দিন পর গতকাল সোমবার দুপুরে আহত পোশাক শ্রমিক সজিব আকন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামের আয়নালী আকন প্রতিবেশী সোনা মিয়া প্যাদার কাছ থেকে ৭০০ টাকায় দুই মণ কুড়া ক্রয় করে। সোনা মিয়া প্যাদা ওই কুড়া বাবদ বাজার মূল্যের চেয়ে আরো একশো টাকা দাবি করেন। এ টাকা নিয়ে বৃদ্ধ আয়নালী আকনের (৭০) সাথে গত ৫ মার্চ সোনা মিয়া প্যাদার কথা কাটাকাটি হয়। এক পর্যায় সোনা মিয়া প্যাদা প্রতিবেশী আয়নালী প্যাদাকে মারধর করেন। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার এক ঘণ্টা পরে সোনা মিয়া প্যাদার নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী আয়নালী আকনের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা আয়নালী আকন, আল আমিন আকন, সজিব আকন, রোকেয়া বেগমসহ ছয় জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সজিব আকন মারা গেছেন। অপর আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমতলী (বরগুনা) সংবাদদাতা।
বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু
বগুড়ার আদমদীঘি উপজেলার পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার কদমগাড়ী গ্রামে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে নিরেন চন্দ্র (৬৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে কদমগাড়ী গ্রামে তোতা নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে। এ ছাড়া বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন কালাচাঁন ও দিপেন নামের আরোও দুই জেলে। নিরেন চন্দ্র রাণীনগর উপজেলার পারইল গ্রামের রাজেন্দ্রনাথ এর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ৮টায় কদমগাড়ীর গ্রামের আবুল হোসেনের ছেলে তোতার পুকুরে মাছ ধরতে আসেন পারইল গ্রামের একদল জেলে। ওই পুকুরে আগে থেকেই পানি সেঁচ দেয়ার জন্য বৈদ্যুতিক সাব-মারসিবল পাম্প বসানো ও সংযোগ দেয়া ছিল। জেলে সম্প্রদায় পুকুরে মাছ ধরতে নামলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন নিরেন চন্দ্র। এ ছাড়া পারইল গ্রামের কালাচাঁন ও বিশিয়া গ্রামের দিপেন চন্দ্র বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিরেন চন্দ্রকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা।
ইটনায় কৃষকের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনা উপজেলা হাওরের একটি নির্জন কুঁড়েঘর থেকে সালেক মিয়া (৫০) নামে এক জিরাতি কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার উপজেলার বরইবাড়ি হাওর এলাকায় ধানের জমির মধ্যে নির্মিত ওই ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সালেক মিয়া করিমগঞ্জ উপজেলা দেহুন্দা ইউনিয়নের সাকুয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সালেক মিয়া বরইবাড়ি হাওর এলাকায় অন্যের জমি জিরাতি হিসেবে চাষাবাদ করতেন এবং ধানের জমির মাঝেই একটি কুঁড়েঘরে একা বসবাস করতেন। তার বসতঘরের আশপাশে অন্তত এক কিলোমিটারের মধ্যে আর কোনো বসতি ছিল না। ধারণা করা হচ্ছে, ঘটনার এক থেকে দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে। গতকাল সকালে এক কৃষক জমিতে ঘাস কাটতে গিয়ে ঘরের সামনে উল্টো অবস্থায় পড়ে থাকা সালেক মিয়ার মরদেহ দেখতে পান। পরে তিনি স্থানীয়দের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তার হাতে একটি মোবাইল ফোন শক্ত করে ধরা ছিল। স্থানীয়রা মোবাইল ফোনের সংরক্ষিত নম্বরে যোগাযোগ করে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
নলডাঙ্গায় ফ্রি চক্ষু শিবির
নাটোরের নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও চোখের ছানি অপারেশন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক ড. মো: জিয়াউল হক জিয়া। গতকাল নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এবং ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মেয়র প্রার্থীর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়। এ সময় বক্তরা বলেন, চোখ মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যারা চোখে দেখতে পায় না, তারা বুঝতে পারে চোখের গুরুত্ব। বর্তমানে দেশে চোখের ছানির রোগী অনেক। এভাবে চোখের ছানি অপারেশনের সুযোগ পেলে অনেক অসহায় নারী-পুরুষ চোখের চিকিৎসা করতে পারবে। তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক জনপ্রতিনিধিরা এধরনের সেবামূলক কাজের উদ্যোগ নিলে সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপকৃত হবে। উল্লেখ্য, প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার পর বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনর যোগ্য রোগীদেরকে গাক চক্ষু হাসপাতাল বগুড়াতে পাঠানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো: মামুনুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মো: আফতাব আলী প্রমুখ। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা।
ফরিদপুরে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু
ফরিদপুরের বাখুন্ডায় অগ্নিকাণ্ডে তামিম মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তামিম পূর্ব বাখুন্ডার প্রবাসী রফিক মিয়ার ছেলে। এ ঘটনায় তাদের বাড়ির দু’টি ঘরে পুড়ে গেছে। তামিমের বাবা রফিক মিয়ার অভিযোগ, তার সন্তানকে জমিজমা বিরোধের জের ধরে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিহতের পিতা ও স্থানীয়রা জানান, নিহত তামিম তার পরিবারের সাথে এক আত্মীয়ের বাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিল। রাতে সে একাই বাড়ি ফিরে আসে ঘুমানোর জন্য। রাত সাড়ে ১০টার দিকে সে যখন ঘুমিয়েছিল, তখন ঘরে আগুন লেগে যায়। এরপর প্রতিবেশীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে তামিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনার পর রাতেই পুলিশ ও রথ্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরিদপুর প্রতিনিধি।
হালদায় বালু তোলার ড্রেজার জব্দ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ভাঙ্গা পোলসংলগ্ন হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। গত রোববার গভীর রাতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ভাঙ্গা পোলসংলগ্ন হালদা নদীতে এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, হালদা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গভীর রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শক্তিশালী ড্রেজার মেশিন জব্দ করে সেটির যন্ত্রাংশ খুলে নেয়া হয়। এছাড়া বালু সরিয়ে নেয়ার কাজে ব্যবহৃত দীর্ঘ পাইপলাইনটি তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেয়া হয় এবং বালু বহনকারী নৌকাটি অকেজো করে দেয়া হয়েছে। ভূজপুর থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে , সংসদ সদস্যের কঠোর নির্দেশনার পর নদী রক্ষায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। গভীর রাতে একদল অসাধু চক্র ড্রেজার বসিয়ে বালু তুলছে এমন খবরে গভীর রাতে অভিযান পরিচালনা করে, পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু দস্যুরা পালিয়ে গেলেও সরঞ্জামগুলো জব্দ ও ধ্বংস করা হয়েছে। ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা।
হরিরামপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মানিকগঞ্জের হরিরামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গতকাল বিনামূল্যে পাট, তিল এবং আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ‘কৃষি সমৃদ্ধি’ ২০২৫-২০২৬ অর্থবছর খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা’র কর্মসূচির আওতায় বাস্তবায়ন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো: তৌহিদুজ্জামান খান এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার এর শুভ উদ্ভোধন করেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ১০০ জন পাটচাষি কৃষকের মাঝে এক কেজি পাটের বীজ, পাঁচ কেজি এমপিও সার এবং পাঁচ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এ ছাড়াও ৪২০ জন তিলচাষি কৃষকের মাঝে এক কেজি তিলের বীজ, পাঁচ কেজি এমপিও সার এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: জহিরুল ইসলাম শুভ। উপজেলা কৃষি কর্মকর্তা মো: তৌহিদুজ্জামান খান বলেন, কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় সারা দেশের ন্যায় হরিরামপুরে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ক্ষুদ্র ও প্রান্তিক এবং সুফলভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, তিল এবং আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হলো। হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা।