পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ার আহ্বান ঢাবি ভিসির
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস-২০২৬’ শীর্ষক এক কর্মসূচি গতকাল মল চত্বরে পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার। সভাপতিত্ব করেন আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার সেন্টার। আয়োজন করে বিশ^বিদ্যালয়ের এস্টেট অফিস, পরিবেশ সংসদ, বাংলাদেশ সোসাইটি ফর ইকোলজিক্যাল রিসার্চ এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশন, বাংলাদেশ।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ- এই চেতনা থেকেই আমাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক জীবনে পরিচ্ছন্নতার চর্চা করতে হবে। আমরা নিজের শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখতে যতটা সচেতন, তেমনি আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাও সমান গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, উন্নত দেশগুলোতে মানুষের আচরণগত সচেতনতা এবং নিয়ম মেনে চলার সংস্কৃতি আমাদের জন্য অনুকরণীয়। সেখানে মানুষ যত্রতত্র ময়লা ফেলে না; বরং নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অপেক্ষা করে। এই মানসিকতা আমাদের মধ্যেও গড়ে তুলতে হবে। অপরিচ্ছন্ন পরিবেশ কেবল দৃষ্টিকটু নয়, এটি বিভিন্ন রোগব্যাধিরও কারণ। ধুলাবালি ও দূষণের কারণে শারীরিক নানা সমস্যা সৃষ্টি হয়। তাই সুস্থ জীবন নিশ্চিত করতে পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। বিজ্ঞপ্তি।