ধর্মপাশায় প্রকল্পের কাজ না করেই অর্ধেক টাকা আত্মসাৎ
Printed Edition
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের কাজ না করেই বরাদ্দের অর্ধেক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত রবিউল ইসলাম সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং সংশ্লিষ্ট প্রকল্প দু’টির সভাপতি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আদর্শ গ্রাম খলার ঘাটের রাস্তা সংস্কারে দুই লাখ ৫০ হাজার টাকা এবং আশার গোপাটে মাটি ভরাট কর্মসূচিতে পাঁচ মেট্রিক টন চাল (বাজারমূল্য দুই লাখ টাকা) বরাদ্দ দেয়া হয়। মোট সাড়ে চার লাখ টাকা বরাদ্দের এই দু’টি প্রকল্পে নামমাত্র কাজ করে প্রকল্পের ৫০ শতাংশ টাকা তুলে নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, তিনি এক আত্মীয়ের চিকিৎসার জন্য হাসপাতালের বাইরে আছেন এবং পরে এ নিয়ে কথা বলবেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের অফিস সহকারী রতন সরকার জানান, দু’টি প্রকল্পের বিপরীতে সাড়ে চার লাখ টাকা বরাদ্দের মধ্যে ৫০ শতাংশ টাকা অগ্রিম দেয়া হয়েছিল। কাজ না করায় সেই দুই লাখ ২৫ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে রবিউলকে চিঠি দেয়া হয়েছে।
ধর্মপাশা ইউএনও জনি রায় বলেন, সরকারি টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। বরাদ্দের টাকা ফেরত দিতে সংশ্লিষ্ট ইউপি সদস্যকে চিঠি দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে টাকা ফেরত না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।