মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক সুমন
Printed Edition
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তর প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ (২০২৬-২৭) গঠন সম্পন্ন হয়েছে। দুই বছর মেয়াদি এ কমিটিতে সভাপতি পদে দৈনিক চাঁদপুর সময়ের মতলব প্রতিনিধি সফিকুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক পদে নয়া দিগন্তের মতলব উত্তর সংবাদদাতা সুমন আহমেদ নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার প্রেস ক্লাবের হলরুমে প্রধান নির্বাচন কমিশনার নুর মোহাম্মদ খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্ধারিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে জহিরুল হাসান মিন্টু ও জাকির হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহীন আলম ও লিয়াকত হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক পদে তাইজুল ইসলাম সাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে কোষাধ্যক্ষসহ কয়েকটি পদে কোনো প্রার্থী না থাকায় সেগুলো শূন্য রয়েছে। সংশ্লিষ্টরা জানান, পরবর্তীতে কার্যকরী কমিটি এসব পদ পূরণ করবে।
নবগঠিত কমিটি প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে সংশ্লিষ্টদের আশা।