বর্জ্য ব্যবস্থাপনায় বরিশাল সিটি করপোরেশনের সমঝোতা চুক্তি
Printed Edition
বরিশাল ব্যুরো
বরিশাল নগরীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় বরিশাল সিটি করপোরেশন নগর ভবনে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তিতে বরিশাল সিটি করপোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী এবং বায়োলটেক কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন তাদের সিইও রাইউ সাং হান।
প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় বরিশাল নগরীতে প্রতিদিন উৎপাদিত বিপুল পরিমাণ বর্জ্য আর যত্রতত্র ফেলা হবে না। পরিবর্তে, আধুনিক প্রযুক্তি ও ইনসিনারেশন পদ্ধতির মাধ্যমে এসব বর্জ্যকে পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে।
উৎপাদিত এই বিদ্যুৎ স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি নগরীর বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের পথ সুগম হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বায়োলটেক কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।