আরো ৫ সিটির প্রশাসক হলেন বিএনপি নেতারা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশের আরো পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে নতুন সরকার। সেগুলো হলো- বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন। এসব সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়ে গতকাল স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ নিয়ে মোট ১১ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সদ্য নির্বাচিত বিএনপি সরকার। নিয়োগ পাওয়া প্রশাসকরা পরবর্তী সিটি কপোরেশনের নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গছে।

গতকাল নিয়োগ পাওয়াদের মধ্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশালের, মো: মাহফুজুর রহমান রাজশাহীর এবং মো: রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ সিটির প্রশাসক হয়েছেন।

এ ছাড়া মাহফুজ উন নবী চৌধুরীকে রংপুর এবং মো: ইউসুফ মোল্লাকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে। এরা সবাই বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে। তাদের মধ্যে বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলার সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগরের সদস্যসচিব ও মো: ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক।

গতকাল নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ পাওয়া প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ছয়টি সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে মো: আব্দুস সালাম, উত্তরে মো: শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো: সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুরে মো: শওকত হোসেনকে নিয়োগ দেয়া হয়।

এর বাইরে আছে কেবল চট্টগ্রাম সিটি করপোরেশন। সেখানে আদালতের রায়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা শাহাদাত হোসেন।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লার নবনিযুক্ত পাঁচ প্রশাসক। গতকাল দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এই সাক্ষাতের সময়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।