‘টেরাফ্যাব’ নির্মাণের পরিকল্পনা করছেন ইলন মাস্ক
Printed Edition
প্রযুক্তি ডেস্ক
বিশ্বের সবচেয়ে বড় চিপ তৈরির কারখানা ‘টেরাফ্যাব’ নির্মাণের পরিকল্পনা করছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২০ থেকে ২৫ বিলিয়ন মার্কিন ডলার। টেসলা, স্পেসএক্স এবং এক্সএআইয়ের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
মাস্কের পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অস্টিন শহরে টেসলার গিগা টেক্সাস কারখানার পাশেই টেরাফ্যাব স্থাপন করা হবে। কারখানাটিতে প্রতি মাসে ২ ন্যানোমিটার প্রযুক্তিনির্ভর প্রায় ১০ লাখ চিপ ওয়েফার তৈরি করা হবে। বর্তমানে বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর নির্মাতা টিএসএমসি ২০২৬ সালের শেষ নাগাদ মাসে প্রায় ১ লাখ ৪০ হাজার ২ ন্যানোমিটার ওয়েফার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ হিসাবে টেরাফ্যাবের পরিকল্পিত উৎপাদনক্ষমতা বিদ্যমান শিল্পমানের তুলনায় কয়েক গুণ বেশি।
নতুন এ উদ্যোগকে মানবসভ্যতার প্রযুক্তিগত অগ্রগতির পরবর্তী ধাপ হিসেবে উল্লেখ করে চিপ তৈরির ক্ষেত্রেও উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছেন মাস্ক। তার মতে, এই কারখানা থেকে বছরে ১০০ থেকে ২০০ বিলিয়ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেমোরি চিপ তৈরি করা সম্ভব হবে। এসব চিপের বড় অংশ ব্যবহার করবে টেসলা, বিশেষ করে টেসলার বৈদ্যুতিক গাড়ি ও রোবট পরিচালনায় ব্যবহৃত হবে। স্যামসাং, টিএসএমসি ও মাইক্রনের মতো বিদ্যমান সরবরাহকারীরা উৎপাদন বাড়াতে যে গতিতে এগোচ্ছে, তা টেসলার চাহিদার তুলনায় অপর্যাপ্ত। প্রয়োজন মেটাতে নিজস্ব উৎপাদনসক্ষমতা গড়ে তোলাই একমাত্র বাস্তবসম্মত পথ।