লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলন শুরু

Printed Edition

নিউ ইয়র্ক প্রতিনিধি

উত্তর আমেরিকায় বাংলাদেশীদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশী অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৪০তম সম্মেলন শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) বিকেলে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি লস অ্যাঞ্জেলেস্থ কন্স্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ জাবেদ ইকবাল। ফোবানা নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল, নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ, আহ্বায়ক ড. জয়নুল আবেদীন, কমিটির সদস্যসচিব প্রকৌশলী মোহাম্মদ ইকবাল এবং দূতাবাসের প্রথম সচিব আরিফা আফরিন এ সময় উপস্থিত ছিলেন।

কনসাল জেনারেল মুহাম্মদ জাবেদ ইকবাল লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনে আয়োজন করায় ফোবানা সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ৪০তম সম্মেলনকে সফল করতে সকল প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক কমিটির নেতারা বলেন, দেশ ও প্রবাসের বাংলাদেশীদের ঐকান্তিক সহযোগিতা পেলেই সম্মেলনকে ইতিহাসের সেরা সম্মেলন করা সম্ভব হবে। বহির্বিশ্বে প্রবাসীদের সবচেয়ে বড় ফোবানা সম্মেলন এককভাবে কোনো সংগঠন বা ব্যক্তির পক্ষে সফল বা সার্থক করা সম্ভব নয়। এর জন্য দেশ ও বিদেশের ব্যবসায়ী, সমাজসেবী ও জনহিতৈষী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতার জরুরি প্রয়োজন। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ফোবানা সম্মেলনের আহবায়ক ড. জয়নুল আবেদীন। বলেন, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সবাই আমাদের পাশে এসে দাঁড়ালে নিঃসন্দেহে আমরা ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন উপহার দিতে পারব। এ জন্য আমাদের ফোবানা টিম বিগত বছরের ফোবানা সম্মেলনের ভুলগুলোকে পর্যালোচনা করবেন বলে তিনি উল্লেখ করেন।

ফোবানার চেয়ারপারসন রবিউল করিম বেলাল বলেন, বর্তমান আহ্বায়ক কমিটির ফোবানা সম্মেলন করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা আশা করছি এবারের সম্মেলন হবে একটি ভিন্নধর্মী সম্মেলন।

সম্মেলনের নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ বলেন, লস অ্যাঞ্জেলেসের ফোবানা সম্মেলন হচ্ছে প্রকৃত ফোবানা সম্মেলন। প্রবাসের এ সম্মেলনকে ঘিরে প্রবাসীদের অনেক চাওয়া-পাওয়া রয়েছে। লস অ্যাঞ্জেলেসের ফোবানা সম্মেলন প্রবাসীদের সেই চাওয়া-পাওয়া পূরণ করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশী সমাজসেবী, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ উপস্থিত ছিলেন। মিডিয়া কমিটির চেয়ারম্যান লস্কর আল মামুন, সাবেক চেয়ারপারসন মাসুদ চৌধুরী রব, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল, সাবেক কোষাধ্যক্ষ প্রিয়লাল কর্মকার, সাবেক আহ্বায়ক হাসমত মুবীন, সাবেক কর্মকর্তা মাহবুবুর রহমান ভুঁইয়া,কাজী নাহিদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।