শীতের ছুটিতে ঘরমুখো মাভাবিপ্রবির শিক্ষার্থীরা

Printed Edition

মাভাবিপ্রবি প্রতিনিধি

শীতের ছুটিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে ঘরমুখো হতে শুরু করেছেন। দীর্ঘ দিনের ক্লাস, অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশনের ব্যস্ততা শেষে পরিবার ও প্রিয়জনের কাছে ফেরার আনন্দ যেমন রয়েছে, তেমনি বন্ধুবান্ধব ও চেনা ক্যাম্পাস ছেড়ে যাওয়ার নীরব বিষণœতাও স্পষ্ট হয়ে উঠেছে শিক্ষার্থীদের চোখেমুখে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করার পর থেকেই ক্যাম্পাসজুড়ে দেখা যায় ব্যস্ততার চিত্র। ব্যাগ গোছানো, বন্ধুদের সাথে শেষ মুহূর্তের আড্ডা, স্মৃতিময় ছবি তোলা এবং বিদায়ের আলিঙ্গনে মুখর হয়ে ওঠে হল ও ক্যাম্পাস এলাকা। কেউ ছুটছেন ট্রেন ধরতে, কেউবা বাস টার্মিনালের পথে।

হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহমিদ হাসান প্রাঞ্জল বলেন, ছুটি মানেই প্রিয় ঘরে ফেরার স্বস্তি, মায়ের হাতের রান্না আর নিজের বিছানায় বিশ্রামের আনন্দ। তবে হল বা মেসের ঘর আর বন্ধুদের সাথে কাটানো সময়ের মায়া কাটিয়ে যাওয়া সহজ নয়। তার ভাষায়, ‘ক্যাম্পাস আমাদের দ্বিতীয় বাড়ি আর বন্ধুরা সেই বাড়ির বেছে নেয়া পরিবার। এক বাড়ির টানে অন্য বাড়িকে বিদায় জানানোর অনুভূতিটা সত্যিই অম্লমধুর।’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, সেমিস্টার-জুড়ে পড়াশোনার বেশ চাপ থাকে। শীতকালীন ছুটিতে পরিবারকে সময় দেয়ার পাশাপাশি নিজেকে মানসিকভাবে ঝালিয়ে নেয়ার সুযোগ মিলবে। তিনি জানান, ‘এই বিরতিতে বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে পরের সেমিস্টার শুরু করতে চাই।’

শিক্ষার্থীরা আশা করছেন, ছুটি শেষে আবারো প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে প্রিয় ক্যাম্পাস। আপাতত স্মৃতির ঝাঁপি আর ঘরের টানে শীতের ছুটিতে তারা ফিরে যাচ্ছেন আপন ঠিকানায়, রেখে যাচ্ছেন ক্যাম্পাস-জুড়ে বন্ধুত্ব, আড্ডা আর অগণিত স্মৃতির রেশ।