হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও ইসরাইল বাদে সবার জন্য উন্মুক্ত : আরাকচি
Printed Edition
রয়টার্স
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী শুধু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য বন্ধ আর বাকি বিশ্বের সবার জন্য উন্মুক্ত। শনিবার মার্কিন ক্যাবল নিউজ চ্যানেল এম এস নাউকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি জানিয়েছেন, অন্য দেশের জাহাজগুলোর ক্ষেত্রে প্রণালিটি পার হতে কোনো বাধা নেই। তবে ‘নিরাপত্তা উদ্বেগে’ অনেকেই তা করছে না জানিয়েছে তিনি বলেন, “এ বিষয়ে ইরানের কিছু করার নেই।” তিনি যোগ করেন, “এখন অনেক ট্যাঙ্কার ও জাহাজ হরমুজ প্রণালি পার হচ্ছে।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন, ‘হরমুজ প্রণালি বন্ধ করার ইরানি উদ্যোগে’ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দেশকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্র ‘প্রণালিটি উন্মুক্ত ও নিরাপদ’ রাখতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে পারে। ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানালেন।
জেরুসালেম পোস্ট জানিয়েছে, নিজের পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালি বন্ধ থাকায় কথিত ক্ষতিগ্রস্ত দেশগুলোর উদাহরণ হিসেবে একটি তালিকা দিয়েছেন, তাতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনের নাম আছে। এসব দেশ হরমুজ প্রণালিতে ‘যুদ্ধজাহাজ পাঠাবে’ বলে আশা প্রকাশ করেছেন তিনি।