স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ডের কথা ভাবছে সরকার : তথ্য প্রযুক্তিমন্ত্রী

Printed Edition

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেয়া শুরু করেছে। ফ্যামিলি কার্ডও দিচ্ছে। তাই দেশের সাধারণ জনগণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য দেশের হাসপাতালগুলোর উপর বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে গত শনিবার দুপুরে চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের জন্মগত ঠোঁট ও তালুকাটা সচেতনতা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সহ-সভাপতি এম রতন হায়দার, মন্ত্রীর সহধর্মিণী ডা: রেশমা আনাম, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, ওসি এ কে এম ফজলুল হক প্রমুখ।

এ সময় মেডিক্যাল ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে আসা রোগীদের ওষুধ প্রদান করা হয়। মেডিক্যাল ক্যাম্পটির আয়োজন করেন ড্যাবের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা: আসলামুল ইসলাম রুদ্র। এর আগে মন্ত্রী উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।