চট্টগ্রামে বিদেশী অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ সহযোগী গ্রেফতার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

সিএমপি সূত্র জানিয়েছে, কমিশনার হাসিব আজিজের নির্দেশনায় ও অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীর নেতৃত্বে চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী সন্ত্রাসী মো: আব্দুল কাইয়ুম চৌধুরী রিমন ওরফে ইমনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে চকবাজার থানা এলাকা থেকে একটি বিদেশী রিভলভার (থ্রি টু বোর) ও ৯ (নয়) রাউন্ড গুলি জব্দ করা হয়। যা সিএমপির পাহাড়তলী থানা হতে লুণ্ঠিত হয়েছিল মর্মে নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতার ইমনের দেয়া তথ্য অনুযায়ী রাতে পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ব্রাজিলিয়ান টরাস (নাইন এম এম) পিস্তল এবং একটি মোটরসাইকেলসহ আসামি মনিরকে গ্রেফতার করে পুলিশের অপর একটি টিম। পিস্তলটি সিএমপির ডবলমুরিং থানা হতে লুণ্ঠিত হয়েছিল মর্মে নিশ্চিত হওয়া গেছে। আসামি মনিরের দেয়া তথ্য মতে গতকাল ভোরে বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে সহযোগী সায়েমকে গ্রেফতার করা হয়। সায়েমের স্বীকারোক্তি ও দেখানো মতে খুলশী থানা এলাকা হতে একটি (এক) এসএমজি, দুইটি (দুই) ম্যাগাজিন এবং ৫০ (পঞ্চাশ) রাউন্ড গুলি জব্দ করা হয়। এই অস্ত্র ও গুলি খাগড়াছড়ির পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে কিনেছে মর্মে আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়। আসামি মনির ও সায়েমের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে সর্বমোট ১০টি (দশ) মামলা রয়েছে।