বিমান বন্দরে সেবার মান উন্নয়নে কাজ করার আগ্রহ তুর্কী প্রতিষ্ঠানের

Printed Edition
back-1
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানমের সাথে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের নেতৃত্বে দেশটির সিভিল এভিয়েশনের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

দেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছে তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশন।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এমন আগ্রহের কথা জানান।

সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং বিমান মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার।

সেলেবি এভিয়েশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিমানবন্দরের সেবার মানোন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি নিয়োগের ক্ষেত্রে সেলেবি এভিয়েশনকে অগ্রাধিকার দেয়ার আশ্বাস দেন বলে জানা গেছে।

আলোচনায় মন্ত্রী আফরোজা খানম দেশের পর্যটন খাতের উন্নয়নে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক করার উপর গুরুত্বারোপ করেন এবং গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সেলেবি এভিয়েশনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ ছাড়া দেশের পর্যটন খাতের উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে বাংলাদেশ ও তুরস্ক একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয় বৈঠকে।