মোশাররফ হোসেন খান
বিপ্লবীরা ঘুমায় না কখনো
Printed Edition
আমাদের দামাল ছেলেরা
রক্ত, ঘাম, জীবনের বিনিময়ে ভোর আনে।
উসুম কুসুম প্রশান্ত ভোর, হিম, শীতল, আদি খান্দানি ভোর।
চতুর জুয়াড়িরা সেই ভোরগুলো শেষ করে জুয়ার আসরে। কপট রাজনীতিবিদরা সেগুলো বিক্রি করে ডলার রিয়াল দিনার বা সামান্য কিছুর বিনিময়ে। ভোরগুলো ছিঁড়ে ছিঁড়ে নর্দমায় ফেলে দেয় চাঁদাবাজ মাস্তান।
অজস্র তমসিত রাতে পাহাড় কেটে কেটে
যখন ভোর আনে আমাদের ছেলেরা,
তখন খলবল করে ওঠে কুয়ার গভীরে ঘুমিয়ে থাকা বুদ্ধিজীবীরা।
কে কিভাবে ভোরগুলো বিক্রি করবে---
তারই মজমা বসে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।
ভোর আনতে আনতে আমাদের ছেলেদের অনেকেই ফিরতে পারে না ঘরে।
যারা ফিরে আসে, তাদের অনেকেরই
হাত নেই, পা নেই, চোখ নেই।
পঙ্গুত্বকে বরণ করে তারা ভোর আনে আমাদের জন্য। তারা ক্লান্ত, শ্রান্ত। আহ্! কতদিন ঘুম হয় না।
অবসাদ শরীর নিয়ে দেয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করে, কিছুক্ষণ।
কী এক শঙ্কায় ধড়ফড় করে ওঠে তাদের বুক।
চোখ খুলে তাকাতেই দেখে---
রক্ত, ঘাম,জীবনের বিনিময়ে আনা ভোরগুলো
ছিনতাই হয়ে যাচ্ছে!
রুদ্ধশ্বাসে কাঁদতে থাকে বাংলাদেশের নদীগুলো ।
স্বার্থান্বেষীদের কেউ বুঝলোই না---
অভাগা এই দেশের জন্য
আমাদের ছেলেদের আনা ভোরগুলো
কত দরকার ছিল।
সহসা হুঙ্কার দিয়ে ওঠে লাল চব্বিশের যোদ্ধারা,
না! ছিনতাই হতে দেব না ছত্রিশে জুলাই।
আমরা ঘুমাইনি। জেগে আছি।
জেগে আছি ছাপ্পান্ন হাজার বর্গমাইলব্যাপী।
বিপ্লবীরা ঘুমায় না কখনো।