ইরানে পারমাণবিক অস্ত্রের পক্ষে জোরদার হচ্ছে জনমত
Printed Edition
রয়টার্স
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা বাড়ার মধ্যেই তা মোকাবেলায় পারমাণবিক বোমা অর্জনের পথে তেহরানের যাওয়া উচিত বলে ইরানিদের মধ্যে দাবি ক্রমশ জোরালো হচ্ছে। একসময় যে প্রসঙ্গ নিয়ে কথা বলায় ব্যাপক বিধিনিষেধ ছিল এখন তা প্রতিনিয়ত প্রকাশ্যে আসছে, বলছে দেশটির ভেতরকার একাধিক সূত্র।
যুক্তরাষ্ট্র-ইসরাইল কয়েক দশকের সর্বোচ্চ ধর্মীয় নেতা থাকা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর ইরানের ক্ষমতা কাঠামোতে রেভুলিউশনারি গার্ডের (আইআরজিসি) প্রভাব বেড়েছে, এতে পারমাণবিক অস্ত্র নিয়ে কট্টর দৃষ্টিভঙ্গিও জোরাল হওয়ার সুযোগ পেয়েছে, ঊর্ধ্বতন দুই ইরানি সূত্র রয়টার্সকে এমনটাই বলেছে। ইরান পারমাণবিক বোমা বানাতে চায়, তাদের শিগগিরই এমন অস্ত্র বানানোর সক্ষমতা রয়েছে; পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে এ বয়ান ফেরি করে বেড়ালেও তেহরান বারবারই তা অস্বীকার করে এসেছে। পারমাণবিক অস্ত্রবিস্তার চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি খামেনি যে পারমাণবিক অস্ত্রকে ‘হারাম’ ঘোষণা করেছেন তাও বলেছে তারা।
পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত দেখা যায়নি এবং তারা বোমা বানানোর সিদ্ধান্তও নেয়নি; যদিও ক্ষমতা কাঠামোর ভেতরে থাকা প্রভাবশালী অনেকে আগেও বিদ্যমান নীতি নিয়ে প্রশ্ন তুলতেন এবং তা বদলানোর দাবি জানাতেন, জানিয়েছে একটি সূত্র। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা এবং তা তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মাঝপথে হওয়ায় এ সমীকরণ বদলেও যেতে পারে। ইরানের সমর কৌশলবিদদের এখন মনে হতেই পারে, পারমাণবিক বোমা না রাখায় কিংবা এনপিটিতে থাকায় তাদের কোনো লাভই হয়নি।
এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি ইরানি কট্টরপন্থীদের দিক থেকে আগেও এসেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে এ কথা বারবার জায়গা পাচ্ছে; সাথে থাকছে যত দ্রুত সম্ভব পারমাণবিক বোমা পাওয়ার আকুতিও। অথচ কিছুদিন আগেও প্রকাশ্যে এ বিষয় নিয়ে কথা বলায় এক ধরনের নিষেধাজ্ঞাই ছিল। আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমে বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে অটল থাকলেও ইরানের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এনপিটি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়া। চলতি সপ্তাহে কট্টরপন্থী রাজনীতিক মোহাম্মদ জাভেদ লারিজানিও রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রায় একই সুরে কথা বলেছেন। ‘এনপিটি স্থগিত করতে হবে। এটা আমাদের কোনো কাজে এসেছে কি না তা পর্যালোচনায় কমিটি করা উচিত আমাদের। যদি প্রমাণিত হয় এটি কাজের আমরা আবার চুক্তিতে ফিরে যাবো, আর না হলে চুক্তি তাদের কাছে থাকুক,’ বলেছেন দিনকয়েক আগেই যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির এ ভাই। কিছুদিন আগে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার নাসের তোরাবিকে বলতে শোনা যায়, ‘পারমাণবিক অস্ত্র বানানোর লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে ইরানি জনগণ। হয় আমরা বানাবো, না হয় সংগ্রহ করবো।’
শাসকশ্রেণির মধ্যে ব্যক্তিগত পর্যায়ের আলোচনাতেও পারমাণবিক নীতি প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছে দু’টি সূত্র। এসব আলোচনায় আইআরজিসিসহ কট্টরপন্থীদের সাথে রাজনৈতিক মহলে বেশ প্রভাব রাখে এমন অনেকের মতবিরোধও ক্রমশ স্পষ্ট হচ্ছে।
পশ্চিমাদের সাথে দুই দশকের বেশি সময় ধরে চলা আলোচনায় ‘কৌশল হিসেবে’ ইরানি কর্মকর্তারা অতীতেও বারবার এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল, যদিও কখনোই তারা সে হুমকি কার্যকর করেনি। এবার যে প্রকাশ্যে এ নিয়ে এত কথাবার্তা হচ্ছে, সেটাও সে একই ধরনের কৌশল হতে পারে বলেও অনেকে মনে করছেন।