লোডশেডিং নিয়ন্ত্রণে তৎপরতা জোরদারের আহ্বান রিজভীর

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে লোডশেডিং হচ্ছে। গ্রামের চিত্র ভয়াবহ। এ ব্যাপারে বিদ্যুৎমন্ত্রীকে তৎপরতা জোরদার করতে হবে। সঙ্কট নেই বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রাজশাহীতে গতকাল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় বিদ্যুৎমন্ত্রীকে আরো তৎপর হতে হবে।

চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ না পাওয়ার কথা উল্লেখ করে রিজভী বলেন, সঙ্কট মোকাবেলার জন্য সরকারের মন্ত্রীদের তীক্ষè হতে হবে। শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না। দেশের জনগণকে আশ্বস্ত করতে হবে।

জ্বালানি নিয়ে সঙ্কট তৈরি হয়েছে যুদ্ধের কারণে। এতে বিএনপির কোনো ব্যর্থতা নেই বলেও জানান বিএনপির এ নেতা।

এমপি-মন্ত্রীদের উদ্দেশে রিজভী বলেন, ইরান থেকে জাহাজগুলো আসতে পারছে না। এ কারণে জ্বালানি তেলের সঙ্কট হচ্ছে। এটা কৃত্রিম সঙ্কট। এ ক্ষেত্রে যে দাম বেড়েছে এটা খুবই স্বাভাবিক। সবকিছু এমপি-মন্ত্রীরা পার্লামেন্টে বলেছেন। এটাকে সঙ্কট বলা যাবে না; যেটা সত্য সেটা বলুন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার, ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. আব্দুস সাত্তারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।