যুক্তরাষ্ট্র থেকে আরো অর্ধশত যুদ্ধবিমান কিনছে ইসরাইল
Printed Edition
টাইমস অব ইসরাইল
ইসরাইল সাম্প্রতিক ইরান যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো দুই স্কোয়াড্রন এফ -৩৫ আই এবং এফ-৫ আইএ যুদ্ধবিমান কিনবে, দখলদার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। উভয় ধরনের বিমান আনুমানিক ২৫টি করে মোট ৫০টি কেনা হতে পারে।
গত সপ্তাহের শেষ দিকে ইসরাইলের জ্যেষ্ঠ মন্ত্রীদের নিয়ে গঠিত একটি প্রতিরক্ষা ক্রয় কমিটি মার্কিন কোম্পানি লকহিড মার্টিন থেকে চতুর্থ এফ–৩৫ আই স্কোয়াড্রন এবং বোয়িং থেকে দ্বিতীয় এফ–১৫ আইএ স্কোয়াড্রন কেনার চুক্তির পক্ষে মত প্রকাশ করে। তার সাপেক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ক্রয়সংক্রান্ত পরিকল্পনাও অনুমোদন দেয় কমিটি। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব চুক্তির মূল্য কয়েক বিলিয়ন শেকেল। মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিমানগুলো ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ‘আইডিএফের দীর্ঘমেয়াদি বাহিনী উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে কাজ করবে, যা আঞ্চলিক পরিবর্তনশীল হুমকি মোকাবেলা এবং ইসরাইলের কৌশলগত আকাশসীমা নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করবে।’
কমিটির অনুমোদনের পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র মিশনকে নির্দেশ দেন, ‘আগামী সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকার ও সামরিক অংশীদারদের সাথে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া এগিয়ে নিতে।’