৬ মে জাতীয় নাট্যশালায় ‘টিনের তলোয়ার’
Printed Edition
বিনোদন প্রতিবেদক
‘আমাদের ভালোবাসার থিয়েটার, আমাদের লড়াইয়ের মাধ্যম থিয়েটার’ এই মূলমন্ত্র ধারণ করে ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের অন্যতম প্রধান নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’। ২০০৩ সালের ৬ মে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দলটি নিরবচ্ছিন্নভাবে দেশ-বিদেশে নিয়মিত নাটক মঞ্চায়ন ও সৃজনশীল নাট্যচর্চা করে আসছে এবং অসংখ্য নাটক দর্শকনন্দিত হয়েছে।
দলের ২৪ বছরে পদার্পণ ও দুই যুগ পূর্তি উপলক্ষে আগামী ৬ মে, বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোরের দর্শকনন্দিত নাটক ‘টিনের তলোয়ার’। নাট্যসম্রাট উৎপল দত্তের কালজয়ী এই নাটকটি নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার অনন্ত হীরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের উত্তাল প্রেক্ষাপটে রচিত এই নাটকটি সমকালীন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় আজো অত্যন্ত প্রাসঙ্গিক। ‘টিনের তলোয়ার’ নাটকে অভিনয় করছেন অনন্ত হীরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম। ‘টিনের তলোয়ার’ নাটকটির মঞ্চ ডিজাইন করেছেন ফয়েজ জহির, আলো ঠাণ্ডু রায়হান, সঙ্গীত শিশির রহমান, পোশাক নূনা আফরোজ, রূপসজ্জা জনি সেন ও পোস্টার চারু পিন্টু।
বিশেষ প্রদর্শনী : এছাড়া দুই যুগ পূর্তি উৎসবের অংশ হিসেবে আগামী ১২ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’। এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।