বরগুনায় ১.৭ কেজির ইলিশ বিক্রি সাড়ে ৭ হাজার টাকায়

Printed Edition

বরগুনা প্রতিনিধি

পয়লা বৈশাখকে সামনে রেখে বরগুনার মাছের বাজারে ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এরই মধ্যে পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ প্রায় সাড়ে সাত হাজার টাকায় বিক্রি হয়েছে, যা প্রতি মণে প্রায় দেড় লাখ টাকার সমান।

গতকাল শনিবার সকালে পাথরঘাটা মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে এক জেলে মাছটি নিয়ে এলে খোলা ডাকে একাধিক পাইকার অংশ নেন। শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি ক্রয় করেন ব্যবসায়ী জাকির হোসেন।

বন্দর সংশ্লিষ্টরা জানান, বর্তমানে সাগরে মাছ ধরা কমে যাওয়ায় বাজারে ইলিশের সরবরাহ অত্যন্ত সীমিত। অন্যদিকে পয়লা বৈশাখ উপলক্ষে বড় আকারের ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায় দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। একই সাথে ছোট আকারের জাটকা ইলিশও উচ্চমূল্যে বিক্রি হচ্ছে।

ক্রেতা জাকির হোসেন বলেন, বৈশাখকে কেন্দ্র করে বড় ইলিশের চাহিদা থাকায় বেশি দাম দিয়েই মাছটি কিনেছেন। ইতোমধ্যে মাছটি ঢাকায় পাঠানো হয়েছে এবং সেখানে আরো ভালো দামে বিক্রির আশা করছেন তিনি।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না হলে উৎসব ঘিরে ইলিশের দাম আরো বাড়তে পারে।