‘মায়া পাখি’তে শাহেদ শরীফ খানের সাথে নীহা
Printed Edition
বিনোদন প্রতিবেদক
এই সময়ে এসে নাটকে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান। এরই মধ্যে তার সাথে জাকারিয়া শৌখিনের ‘মায়া পাখি’ নাটকে অভিনয় করেছেন এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা । নাটকে দেখা যাবে শাহেদ ও নীহা একই অফিসে চাকরি করেন। এক সময় তাদের দু’জনের মধ্যে একটা সম্পর্কের সৃষ্টি হয়- এমনটিই জানালেন শাহেদ শরীফ খান। এদিকে গতকাল শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন শাহেদ শরীফ খান। সেখানে টানা দু’দিন তিনি নারগিস আক্তারের পরিচালনায় ‘ইচিং বিচিং ডেটিং’ নামের একটি নাটকের কাজ করবেন। নাটকটি রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু। শাহেদ শরীফ খান বলেন, ‘জাকারিয়া সৌখিনের মায়া পাখি নাটকটির গল্প খুব সুন্দর। কাজটি করে খুব ভালো লেগেছে আমার। নীহা এই প্রজন্মের শিল্পী, বেশ ভালো অভিনয় করে। আর নারগিস আপা একজন গুণী নির্মাতা। তার নির্মিত বহু তথ্যচিত্র, নাটক এবং সিনেমা এদেশের মানুষকে মুগ্ধ করেছে আবার নানানভাবে সচেতনতও করে তুলেছে। যেমন তার নির্মিত মেঘলা আকাশ, চার সতীনের ঘর, মেঘের কোলে রোদ- এগুলো দর্শকপ্রিয় সিনেমা। দীর্ঘদিন পর তিনি নির্মাণে এসেছেন। তার নির্দেশনায় একেবারেই এই প্রজন্মের একটি গল্পের নাটকে কাজ করছি। আশা করছি কাজটি ভালো হবে।’ কিছু দিন আগেই শহীদুজ্জামান সেলিমের সাথে ‘বাবার চোখে জল’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান। নাটকটি নির্মাণ করেছেন মাইনুল হাসান খোকন।