সিংড়ায় জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
Printed Edition
সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দুই দিনব্যাপী এ মেলার সমাপনী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ রিফাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম, অ্যাকাডেমিক সুপারভাইজার সাজেদুল করিম, আইসিটি প্রোগ্রামার মাজেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মেলায় কলেজ ও মাধ্যমিক পর্যায়ে মোট ১৩টি স্টল অংশ নেয়। উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা তুলে ধরেন।
ফলাফল অনুযায়ী, উভয়পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। কলেজপর্যায়ে দ্বিতীয় হয় সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।