ভোলায় ৩ জনসহ বিভিন্নস্থানে নিহত ৭
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় ভোলার বোরহান উদ্দিনে তিনজনসহ দেশের বিভিন্ন স্থানে সাতজন নিহত হয়েছেন।
ভোলা প্রতিনিধি জানান, ভোলার বোরহান উদ্দিনে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও আহত হয়েছেন আরো চারজন।
নিহতরা হলেন- লালমোহন উপজেলার ভেদুরিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো: মিজান ও রিয়াজ উদ্দিন। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
রোববার বেলা ২টার দিকে ভোলার বোরহান উদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লালমোহন থেকে যাত্রী নিয়ে ভোলা সদরের দিকে রওনা করে সিএনজিটি। পরে বোরহান উদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন মাদরাসার মোড় এলাকায় আসলে একটি দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্তত চারজন। সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহান উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে পৃর্থক ২টি সড়ক দুর্ঘনায় মোটরসাইকেল আরোহী এক যুবক ও এক পথচারী নিহত হয়েছেন। রাজবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম ঘটনায় রাজবাড়ীর বানীবহ এলাকার বাসিন্দা লিনাব হাসান শান্ত (২২) রাজবাড়ীর নতুন বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। শান্ত সদরের ঘিমোড়া গ্রামের মানেক সরদারের ছেলে।
রাজবাড়ীর নতুন বাজার এলাকায় চলন্ত অবস্থায় তার মোটরসাইকেল রাস্তার গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে রাজবাড়ীর পাংশায় প্রাইভেট কারের ধাক্কায় মকছেদ মণ্ডল (মুছাই) ৪০ নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার হাবাসপুর ইউনিয়নের উদয়পুর ইদারা মোড়ে এ ঘটনা ঘটে। রাতে নিহত মুছাই যশাই ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত বসারত মণ্ডলের ছেলে।
বরগুনা প্রতিনিধি জানান, বরগুনার পাথরঘাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায়
উপজেলার কৃষকদলের আহ্বায়ক চৌধুরী মারুফ নিহত হয়েছেন। তিনি পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি ও বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন চৌধুরী মারুফ। তিনি পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটা কমিউনিটি সেন্টার নামক এলাকায় পৌঁছলে সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে বরিশালে নেয়ার পথে পিরোজপুরের ভাণ্ডারিয়া নামক এলাকায় তার মৃত্যু হয়।
খুলনা ব্যুরো জানায়, খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দেবাশীষ চক্রবর্তী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইলে সংঘটিত দুর্ঘটনায় মৃত যুবক সাতক্ষীরা জেলার তালা উপজেলার মধুসূদন চক্রবর্তীর ছেলে। এ ঘটনায় আহত মোটরসাইকেলের চালক আতিয়ার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ডুমুরিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু বলেন, রোববার সকালে মোটরসাইকেল চালক আতিয়ার রহমান আরোহীসহ তালা থেকে খুলনার উদ্দেশে রওনা হন। মোটরসাইকেলটি ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেস কাউন্টারের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে চালক ও আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার ডাক্তার দেবাশীষ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। আহত আতিয়ার রহমানকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।