ভাষাসৈনিক আফজাল হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত
Printed Edition
সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষাসৈনিক আফজাল হোসেনের ১৯তম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, কুরআন খতম, বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল (তারা মসজিদে) অনুষ্ঠিত হয়। আফজাল হোসেন ১৯৩৪ সালে নারায়ণগঞ্জ শহরের ১ নং বাবুরাইলে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে ছাত্র অবস্থায় তিনি মাতৃভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ১৯৫৬-৫৭ সালে তোলারাম কলেজে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি ১৯৬৪ সালে একাধারে নারায়ণগঞ্জ পৌর পাঠাগারের সাধারণ সম্পাদক, শহর আওয়ামী লীগের সহ সম্পাদক, দেওভোগ ইউনিয়ন কমিটির চেয়ারম্যান এবং পদাধিকার বলে পৌরসভার কমিশনার নির্বাচিত হন। এভাবেই তিনি সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে ১৯৬৬ সালে নিখিল পাকিস্তান আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনে নেতৃত্ব দান করে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং ভারতে মুজিব নগর সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ২৯ মার্চ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেন।
আফজাল হোসেনের ছেলে তারেক আফজাল তার বাবার রূহের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।