এবার হজযাত্রী ৮৭,১০০ জন
কাল থেকে হজ ফ্লাইট শুরু
Printed Edition
পবিত্র হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। আজ সন্ধ্যা ৭টায় হজ ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পরে রাত ২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রীর প্রথম দলটি সৌদি আরবের উদ্দেশে রওনা হবে। হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও নির্বিঘœ করতে সরকারিভাবে ১১২ জন এবং বেসরকারিভাবে এক হাজার ৭৪৩ জন গাইড হজযাত্রীদের সার্বিক সহযোগিতা দেবেন। এ ছাড়াও ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের বিভিন্ন দিকনির্দেশনা দেবেন।
হাজীদের পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া ও নাস এয়ারলাইনস প্রস্তুত রয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই। এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি, সাউদিয়া ৮০টি ও নাস এয়ারলাইন্স ৩৪টি হজ ফ্লাইট পরিচালনা করবে। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৫ জুন ১৪৪৬ হিজরির ৯ জিলহজ, পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হলো আরাফাতের ময়দানে হজের খুতবা। আগামী ৯ জিলহজ মসজিদে নামিরা থেকে এই খুতবা প্রদান করা হবে। বরাবরের মতো এবারো বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করা হবে এই খুতবা। বিশেষ উদ্যোগ হিসেবে খুতবার তাৎক্ষণিক অনুবাদ করা হবে ২০টি বিভিন্ন ভাষায়, যার মধ্যে বাংলাও রয়েছে। অনুবাদ করা ভাষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফারসি, চীনা, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো ও জার্মান।