হাম উপসর্গে আরো ৪ শিশুর মুত্যু
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৩৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ জনের। গতকাল বাস্থ্য অধিদফতরের হামসংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে এক হাজার ২৪ জন। নতুন করে হাম শনাক্ত হয়ে ৭২ জনের।
এ দিকে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৭২ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো এক হাজার ২৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৩৯ হাজার ৩২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেইসাথে এই সময়ে পাঁচ হাজার ২১৮ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ হাজার ৯১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৩ হাজার ২২৫ জন।
ময়মনসিংহ আরো ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। গত দুই দিনে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২-এ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার (১-২ মে) দুপুর পর্যন্ত নতুন করে আরো ৪৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮৩ শিশু।
হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মোহা: গোলাম মাওলা জানান, মারা যাওয়া দুই শিশুর একজন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বয়স ১০ মাস, অপরজন জামালপুরের ইসলামপুর উপজেলার বয়স ৫ মাস। তারা উভয়েই হাম ছাড়াও নিউমোনিয়া ও হৃদথযন্ত্রজনিত জটিলতায় ভুগছিল।
চুয়াডাঙ্গায় এক শিশুর মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি আমির হামজা (৮ মাস) মৃত্যু হয়। সে দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের ইব্রাহীমের ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে গত ২৯ এপ্রিল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয় আমির হামজা। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তার মৃত্যু হয়।