গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার : তথ্যমন্ত্রী
Printed Edition
বগুড়া অফিস
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ছাড়া আধুনিক সভ্যতার চর্চা সম্ভব নয়। গণতন্ত্র ছাড়া রাষ্ট্র ও সমাজ অন্ধকার। রাষ্ট্রের কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, সাংবাদিকদের জন্য যেসব কল্যাণকর কাজ করা হচ্ছে তা কোনো দয়া বা অনুদান নয়, বরং গণমাধ্যমকে শক্তিশালী করার প্রচেষ্টা। সে জন্য সাংবাদিক কল্যাণ ট্রাষ্টে অর্থ বরাদ্দ বৃদ্ধি ও কার্যক্রম বিস্তৃত করা হবে। তিনি আরো বলেন, রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে সরকার কাজ করবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।
তিনি গতকাল শুক্রবার বগুড়া শহরের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের বয়স এক মাসও পূর্ণ হয়নি। অনেকের ভোটের কালির দাগও শুকায়নি। কিন্তু প্রধানমন্ত্রী ইতোমধ্যে জনগণের কল্যাণে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, কৃষক কার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ এবং কৃষকদের কৃষিঋণ মওকুফ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, বিগত ১৭ বছরে বগুড়াকে বঞ্চিত করা হয়েছে। সেসব উন্নয়ন তালিকা করে করা হবে। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া কর্তৃক বগুড়া বিটিভি কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনের কথা স্মরণ করে বলেন, ম্যাডামের স্মৃতি ধরে রাখতে বিটিভি কেন্দ্র প্রতিষ্ঠায় কাজ করা হবে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ ও যুগ্ম সম্পাদক আবদুল ওয়াদুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- বগুড়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক অনুদান হিসেবে সাড়ে ২৫ লাখ টাকা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির আট লাখ ৫২ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী। পরে তথ্যমন্ত্রী বগুড়া প্রেস ক্লাবে এক মতবিনিময়সভায় প্রেস ক্লাবের বহুতল ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিকেলে মন্ত্রী বগুড়া বেতার কেন্দ্র পরিদর্শন করেন।