বকেয়া বেতন ও রেশনের দাবি
সিলেটে বিমানবন্দর সড়ক অবরোধ হাজারো চা শ্রমিকের
Printed Edition
বকেয়া বেতন ও রেশনের দাবিতে সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেটের তিনটি চা বাগানের শ্রমিকরা। অবরোধের কারণে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়ে। এতে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়। গত শুক্রবার তারা আজকের এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল।
গতকাল বেলা দেড়টা থেকে শ্রমিকদের এই অবরোধ কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টায় প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন তারা। গত ২০ সপ্তাহ ধরে বেতন পাচ্ছেন না এই তিনটি চা বাগানের প্রায় আড়াই হাজার শ্রমিক। জানা গেছে, সিলেটের বুরজান চা-কোম্পানির অধীনস্থ তিনটি চা বাগান বুরজান, ছড়াগাঙ ও কালাগুল কারখানার শ্রমিকদের বেতন বন্ধ রয়েছে দীর্ঘ দিন। ফলে এসব শ্রমিক ও তাদের পরিবার মানবেতর জীবন যাপন করছে।
চা কারখানার শ্রমিকরা জানান, ‘যখন আমরা বাগানে প্রথম কাজ শুরু করি, তখন দৈনিক মজুরি ছিল মাত্র ছয় টাকা। এখন মজুরি এবং রেশন বৃদ্ধি পেয়েছে; কিন্তু এত বছরের কাজে কখনো ২০ সপ্তাহ বেতন না পাওয়ার মতো সঙ্কটের মুখোমুখি পড়তে হয়নি।’
চা শ্রমিক ও চা-বাগান রক্ষা কমিটির আহ্বায়ক রঞ্জিত নায়েক রঞ্জু নয়া দিগন্তকে বলেন, ‘বারবার আশ্বাস দেয়া সত্ত্বেও, কেউ তাদের কথা রাখেনি। আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি; কিন্তু একটিও পূরণ হয়নি। তাই আমাদের দাবি আদায়ের জন্য আমরা আজ মালনীছড়ায় সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করি।’
এ ব্যাপারে বুরজান চা-বাগানের ব্যবস্থাপক মো: কামরুজ্জামান নয়া দিগন্তকে বলেন, ‘কৃষি ব্যাংকে ঋণের জন্য আবেদন করেছি আমরা। এখনো ঋণ পাইনি, পেলে শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করা হবে।’
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার উজ জামান নয়া দিগন্তকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার ৬০০ শ্রমিকের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা এরই মধ্যে মন্ত্রণালয় এবং চা বোর্ডের সাথে শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়ে কথা বলেছি।’